কেরানীগঞ্জে দুই দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় গত রোববার গ্যাস সরবরাহের মূল পাইপলাইনে ফাটল ধরায় ওই দিন থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগ ও ভোগান্তির মধ্যে পড়েছেন ২৫ হাজার গ্রাহক। গ্যাস না পেয়ে লাকড়ি বা খড়ি ও কেরোসিন তেলের চুলায় রান্নার কাজ করতে হচ্ছে। তবে বন্ধ হয়ে গেছে অনেক শিল্পকারখানা। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, রোববার বেলা ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকায় একটি বহুতল ভবন নির্মাণের পাইলিংয়ের কাজ করার সময় উপজেলার গ্যাস সরবরাহের মূল পাইপে ফাটল ধরে গ্যাস বের হওয়া শুরু করে। খবর পেয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পুরো উপজেলায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। তখন থেকে উপজেলার প্রায় ২৫ হাজার আবাসিক, ২০০টি বাণিজ্যিক গ্রাহক ও ৮৭টি শিল্পকারখানা গ্যাস পাচ্ছে না।নজরগঞ্জ এলাকার গৃহবধূ মেহবুব বেবী জানান, রোববার ইফতারি তৈরি করতে না পেরে শুকনা খাবার কিনে ইফতার করেছেন। রাতে রুটি ও কলা খেয়ে রোজা রেখেছেন। অন্যদিকে গ্যাস না থাকায় কেরোসিন তেলের চুলায় রান্না করছেন হাসনাবাদ এলাকার বাসিন্দা চম্পা বেগম। তিনি বলেন, ‘রমজান মাসে এমনিতে সব জিনিসের দাম বেড়েছে। সংসারের খরচ বেড়েছে। তার ওপর এখন গ্যাস না থাকায় কেরোসিন তেল কিনতে গিয়ে প্রতি বেলায় রান্না করতে ৫০ টাকার বেশি খরচ হচ্ছে।’গ্যাস না থাকায় কাজ করতে পারছেন না বন্দ ডাকপাড়ার এলাকার মুসা ডায়িং অ্যান্ড প্রিন্টিংয়ের মালিক মো. মোশাররফ ও নেকরোজবাগ এলাকার সুপার আড়ং সুইটস অ্যান্ড বেকারি কারখানার ব্যবস্থাপনা পরিচালক শরীফ আহমেদ। তাঁরা দ্রুত পাইপ মেরামত করে গ্যাস সরবরাহের দাবি জানান।তিতাস জোন-৫ জিনজিরা আঞ্চলিক বিক্রয় কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী সত্যজিৎ ঘোষ প্রথম আলোকে বলেন, ‘ফাটল ও ছিদ্র হওয়া পাইপটি সংস্কারের জন্য রোববার থেকেই কাজ শুরু হয়েছে। আশা করছি, কাল (আজ মঙ্গলবার) দুপুর নাগাদ সংস্কারকাজ শেষ হলে গ্যাস সরবরাহ করা যাবে।’