কেরানীগঞ্জে দুই নারীর লাশ উদ্ধার
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার পৃথক দুই জায়গা থেকে গতকাল বুধবার দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বেলা ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার খেঁজুরবাগ এলাকা থেকে তানিয়া আক্তার (১৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। এদিকে দুপুর ১২টার দিকে একই থানার মিরেরবাগ এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় জাকিয়া বেগম (৪০) নামে আরেক নারীর লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ দুটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাকরাতুল ইসলাম বলেন, পরিবারিক কলহের জের ধরে গত মঙ্গলবার দিবাগত রাতে তানিয়া সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে তাঁর পরিবার জানিয়েছে। লাশের গলায় কালচে দাগ
রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
জাকিয়া আক্তারের ছেলে তারেক হোসেন বলেন, গত সোমবার সদরঘাট এলাকায় নৌকা থেকে লঞ্চে উঠতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হন তাঁর মা (জাকিয়া)। গতকাল দুপুরে নদীতে তাঁর লাশ ভেসে ওঠে।
হাসনাবাদ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলাম বলেন, বরিশাল যাওয়ার উদ্দেশে সোমবার বিকেলে একটি লঞ্চে ওঠার সময় নদীতে পড়ে নিখোঁজ হন জাকিয়া। গতকাল দুপুরে জাকিয়া বেগমের লাশ ভেসে ওঠে।