কেরানীগঞ্জে দুই বাড়িতে ডাকাতি, গুলিবিদ্ধ ১
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় গত বুধবার দিবাগত রাতে দুটি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে তিনজন আহত হয়েছে।স্থানীয় সূত্র জানায়, গত বুধবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে ২৫-৩০ জন সশস্ত্র ডাকাত দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাঘৈর হাটখোলা গ্রামে ব্যবসায়ী খবির হোসেনের বাড়িতে হানা দেয়। আট-নয়জন ডাকাত প্রথমে খবিরের দ্বিতীয় তলা বাড়ির ভাড়াটিয়া ব্যবসায়ী বাবু সরকারের ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢোকে। বাবু সরকার বলেন, ডাকাতেরা আলমারি ভেঙে ২২ ভরি স্বর্ণালংকার, ৬০ ভরি রুপার অলংকার ও দেড় লাখ টাকা নিয়ে যায়।সূত্র জানায়, এরপর ডাকাতেরা দরজা ভেঙে বাড়ির মালিক খবির হোসেনের ঘরে ঢোকে। খবির হোসেনের মেয়ে নাহিদা আক্তারের ভাষ্যমতে, ডাকাতেরা ঘরে ঢুকে তার মা শাহানা বেগম ও বড় ভাই ইমরান হোসেনের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এরপর তারা আলমারি ভেঙে ১২ ভরি স্বর্ণালংকার, চারটি মুঠোফোন ও প্রায় তিন লাখ টাকা লুট করে।সূত্র জানায়, এ সময় বাড়ির লোকজনের চিৎকারে খবিরের শ্যালক নূর মোহাম্মদ এগিয়ে এলে ডাকাতেরা তাঁর ডান পায়ে গুলি করে পালিয়ে যায়। আহত শাহানা বেগম, ইমরান ও নূর মোহামঞ্চদকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, ডাকাতির ঘটনায় কেউ অভিযোগ করেনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে একই রাতে কেরানীগঞ্জ মডেল থানার ব্রাহ্মণকিত্তা এলাকার ব্যবসায়ী ইয়াসিন উদ্দিন আহমেদের বাড়িতে ডাকাতি হয়েছে। ইয়াসিন উদ্দিন আহমেদ বলেন, দিবাগত রাত তিনটার দিকে ১৪-১৫ জন সশস্ত্র ডাকাত দরজা ভেঙে তাঁর ঘরে ঢোকে। পরে ডাকাতেরা স্বর্ণালংকার, ১০ হাজার টাকাসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।