ঢাকার কেরানীগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় মো. অলি (৩৫) ও ইসমাইল (১৫) নামে দুই ব্যক্তিকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে এক মাদকাসক্ত যুবক। গতকাল মঙ্গলবার ডাকপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ মাদকাসক্ত যুবক আলীকে আটক করেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকপাড়া বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে গতকাল দুপুরের দিকে আলী গাঁজা সেবন করছিল। এ সময় স্থানীয় বাসিন্দা কাপড় ব্যবসায়ী অলি তাকে গাঁজা সেবন করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সঙ্গে থাকা ছুরি দিয়ে আলী অলির গলায় পোঁচ দেয়। একপর্যায়ে ইসমাইল নামে অপর এক কিশোরকেও আলী হত্যার উদ্দেশে গলায় ছুরি দিয়ে পোঁচ দেয়। স্থানীয় লোকজন দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ও মাদকাসক্ত আলীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। কেরানীগঞ্জ মডেল থানার ওসি (প্রশাসন) আসাদুজ্জামান বলেন, কী কারণে আলী দুজনের গলায় ছুরি চালিয়েছে, তা পরিষ্কার নয়। তাঁকে আটক করা হয়েছে।