কেরানীগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোর দোকান কর্মচারী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা রহমতপুর এলাকায় গতকাল রোববার রাত সোয়া ১০টার দিকে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মো. ইয়াসিন (১৪) নামের এক দোকান কর্মচারী মারা গেছে। ইয়াসিন ইসলামপুরে একটি কাপড়ের দোকানের কর্মচারী। তার বাবার নাম পান্না মিয়া। তাদের বাড়ি জিনজিরা রহমতপুর মাজারঘাট এলাকায়। দুই ভাইয়ের মধ্যে ইয়াসিন বড়। পান্না মিয়া ইলেকট্রিক মিস্ত্রির কাজ করেন।পারিবারিক সূত্র জানায়, রাত সোয়া ১০টার দিকে ইয়াসিন বন্ধু আল আমিনকে নিয়ে আড্ডা দেওয়ার সময় প্রায় তার সমবয়সী চার-পাঁচজন ছেলে তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।গতকাল রাত ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাশটির সুরতহাল প্রতিবেদনের কাজ চলছিল। এরপর লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনউদ্দিন খান বলেন, ইয়াসিনের বন্ধু আল আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে বলে ওসি জানান।