কেরানীগঞ্জে দৃষ্টিপ্রতিবন্ধীদের কাবাডি প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব সাদা ছড়ি দিবস উপলক্ষে দক্ষিণ কেরানীগঞ্জে মিরবাগ বালুর মাঠে গতকাল দৃষ্টিপ্রতিবন্ধীদের এক কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় l  ছবি: প্রথম আলো
বিশ্ব সাদা ছড়ি দিবস উপলক্ষে দক্ষিণ কেরানীগঞ্জে মিরবাগ বালুর মাঠে গতকাল দৃষ্টিপ্রতিবন্ধীদের এক কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় l ছবি: প্রথম আলো

কেরানীগঞ্জের শত শত নারী-পুরুষ দেখলেন দৃষ্টিপ্রতিবন্ধীদের জমজমাট কাবাডি প্রতিযোগিতা। দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য আফরোজা আক্তারের উদ্যোগে ‘বিশ্ব সাদাছড়ি’ দিবস উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধীদের অংশগ্রহণে গতকাল শুক্রবার এ কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় টঙ্গীর এনামুল হকের দল ও কেরানীগঞ্জের কোরবান আলীর দল অংশ নেয়। প্রতিটি দলে নয়জন ও দুজন অতিরিক্ত খেলোয়াড় অংশ নেন। প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে আনোয়ার হোসেনের দল। রানার্সআপ হয়েছে এনামুল হকের দল। চ্যাম্পিয়ন দলের প্রত্যেককে একটি করে মুঠোফোন ও রানার্সআপ দলের প্রত্যেককে একটি করে রেডিও উপহার দেওয়া হয়েছে। কাবাডি প্রতিযোগিতার রেফারির দায়িত্ব পালন করেন আবদুল জব্বার ও সহকারী রেফারি ছিলেন আবদুস সামাদ।
গতকাল ছুটির দিন বেলা তিনটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের মিরবাগ বালুরমাঠ এলাকায় বিপুল লোকসমাগম ঘটে দৃষ্টিপ্রতিবন্ধীদের কাবাডি প্রতিযোগিতা দেখতে। রাজধানীর আশপাশ ও কেরানীগঞ্জের বিভিন্ন এলাকার শত শত নারী-পুরুষ এসে মাঠে ভিড় জমান। মাঠে জায়গা না পেয়ে অনেকে আশপাশের বাড়ির ছাদে ও দেয়ালগুলোতে উঠে খেলা উপভোগ করেন।
এমনই এক দর্শক রাজধানীর শ্যামপুর থানার পোস্তগোলা এলাকা থেকে আসা আবদুর রহমান বলেন, ‘ছোটবেলা থেকে অনেক কাবাডি খেলা দেখেছি। কিন্তু দৃষ্টিপ্রতিবন্ধীদের কাবাডি খেলা কখনো দেখিনি। তাই দুপুরের খাওয়াদাওয়ার পর নাতি ইদ্রিসকে নিয়ে এসেছি খেলা দেখার জন্য।’
কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকার বাসিন্দা খালেক মিয়া বলেন, ‘দু-তিন বছর আগেও এখানে একবার দৃষ্টিপ্রতিবন্ধীদের কাবাডি প্রতিযোগিতা হয়েছিল। সেবারও এসেছিলাম। দৃষ্টিপ্রতিবন্ধীদের কাবাডি প্রতিযোগিতা দেখতে ভালোই লাগে।’
শুভাঢ্যা মিরেরবাগ এলাকার বাসিন্দা ইসমত আরা বেগম বলেন, ‘দৃষ্টিপ্রতিবন্ধীদের কাবাডি খেলা দেখার জন্য আমাদের বাড়িতে আত্মীয়স্বজন ও অনেক নারী দর্শক আসেন। দুপুর থেকেই তাঁরা ছাদে পাটি পেতে বসেন। আমরা অনেক আনন্দ পাই। আমরা চাই, প্রতিবছর এখানে দৃষ্টিপ্রতিবন্ধীদের এই কাবাডি প্রতিযোগিতা হোক।’
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিযোগিতার আয়োজক শুভাঢ্যা ইউপির সদস্য আফরোজা আক্তার। তিনি বলেন, দৃষ্টিপ্রতিবন্ধীদের উৎসাহ ও এলাকার জনগণকে আনন্দ দেওয়ার জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে ব্যাপকভাবে ও বড় পরিসরে এ ধরনের আয়োজন করা হবে। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশেষ অতিথি শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন।
চ্যাম্পিয়ন কেরানীগঞ্জ দৃষ্টিপ্রতিবন্ধী কাবাডি দলের অধিনায়ক আনোয়ার হোসেন বলেন, ‘প্রায় পাঁচ বছর ধরে আমরা কাবাডি খেলছি। তিন বছর আগে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। এতে আমরা বিজয়ী দল হিসেবে একটি গরু উপহার পেয়েছিলাম। আজও আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আজ আমাদের বড় আনন্দের দিন। সরকার যদি আমাদের দলটিকে সাহায্য-সহযোগিতা করে, তবে আমরা কাবাডি খেলায় বিদেশেও সুনাম অর্জন করতে পারব।’
রানার্সআপ টঙ্গী দৃষ্টিপ্রতিবন্ধী কাবাডি দলের অধিনায়ক এনামুল হক বলেন, ‘আমাদের দল এ পর্যন্ত পাঁচটি প্রতিযোগিতায় অংশ নিয়েছে। গত বছর ধামরাই দলের সঙ্গে খেলে চ্যাম্পিয়ন হয়েছে। প্রায় ১০ বছর ধরে আমি নিয়মিত কাবাডি খেলায় অংশগ্রহণ করছি, খেলতে গিয়ে মানুষের আনন্দ-উল্লাসধ্বনি শুনে খুব আনন্দ পাই।’