কেরানীগঞ্জে দেড় লাখ টাকার কেব্ল টিভির সংযোগ তার লুট
দক্ষিণ কেরানীগঞ্জে কেব্ল টিভি সংযোগ প্রদানকারী একটি প্রতিষ্ঠানের প্রায় দেড় লাখ টাকার সংযোগ তার লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। বাধা দিতে যাওয়ায় নাসির নামের এক নৈশপ্রহরীকে বেদম পিটিয়েছে সন্ত্রাসীরা। গত সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নোভা কমিউনিকেশন লিমিটেড নামের ওই সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. মতিউর রহমান বলেন, ইকুরিয়া বাজার থেকে বেয়াড়া এলাকা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ সড়কে তাঁদের যে সংযোগ তার ছিল, সন্ত্রাসীরা তা সব খুলে নিয়ে গেছে। বাধা দিতে গেলে নৈশপ্রহরী নাসিরকে তারা পিটিয়ে আহত করে।মতিউর রহমান জানান, কয়েক মাস আগে সোহেল ও রুবেল নামের স্থানীয় দুই যুবক তাঁর কাছে দুই লাখ টাকা চাঁদা চেয়েছিল। চাঁদা না দেওয়ায় তারা সে সময় তাঁর কর্মচারী জাকিরকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় তিনি একটি মামলা করেছিলেন। তাঁর ধারণা, এতে ক্ষিপ্ত হয়ে ওই আসামিরা সংযোগ তার লুট করেছে। তিনি বলেন, এসব তারের দাম প্রায় দেড় লাখ টাকা। তিনি জানান, সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় দুই শতাধিক গ্রাহক ভোগান্তিতে পড়েছে।