কেরানীগঞ্জে ধলেশ্বরীতে বালু ফেলে দখল
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের মোল্লারহাট-সংলগ্ন ধলেশ্বরী নদীতে বালু ফেলে তা দখল করছেন প্রভাবশালী ব্যক্তিরা৷ এতে নদীর স্বাভাবিক পানির প্রবাহ ব্যাহত হচ্ছে৷ নৌপথ সংকুচিত হওয়ায় নৌযান চলাচলে বিঘ্ন ঘটছে৷
গত মঙ্গলবার দুপুরে মোল্লারহাট এলাকায় গিয়ে দেখা যায়, খেয়াঘাটের কাছেই ধলেশ্বরী নদীর প্রায় ২৫-৩০ ফুট জায়গায় বাঁধ দিয়ে বালু ফেলে ভরাট করা হয়েছে৷ স্থানীয় আবদুল খালেক ও তাঁর ভাতিজা মো. শাহীনের নেতৃত্বে দুই মাস ধরে ভরাটকাজ হচ্ছে বলে একাধিক ব্যক্তি জানিয়েছেন৷ ভরাট করা স্থানটির পাশেই পাইনা বাজার ও রাজেন্দ্রপুর খাল৷
যোগাযোগ করা হলে দখলদার মো. শাহিন বলেন, ‘এটা আমাদের বাপ-দাদার জায়গা৷ নদীতে চলাচলকারী ট্রলার ভেড়ানোর সুবিধার্থে আমাদের জায়গায় বালু ফেলেছি৷’
কেরানীগঞ্জ উপজেলা (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) শহিদুল হক পাটোয়ারী জানান, নদী ভরাটের বিষয়ে খোঁজখবর নেওয়া হবে৷ নদী ভরাটকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে৷ কোনো অবস্থাতেই নদীর জায়গা ভরাট করতে দেওয়া হবে না৷