কেরানীগঞ্জে নারী ক্রিকেটারদের জার্সি প্রদান
কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমির প্রশিক্ষণার্থী নারী ক্রিকেটারদের ব্যক্তিগত উদ্যোগে জার্সি দিয়েছেন ধানমন্ডির এক ক্রীড়া সংগঠক। ১ জানুয়ারি প্রথম আলোয় ‘বাধা ডিঙিয়ে ব্যাটে-বলে’ শিরোনামে নারী ক্রিকেটারদের একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রতিবেদনটি দেখে ঢাকার ক্রীড়া সংগঠক মনির হোসেন গত শুক্রবার তাঁর বাসভবনে কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমির অর্ধশত নারী প্রশিক্ষণার্থী ও কর্মকর্তাকে নৈশভোজের আমন্ত্রণ জানান। পরে তাঁর পারিবারিক প্রতিষ্ঠান এনঅ্যান্ডএন ফাউন্ডেশনের পক্ষ থেকে ৩০ নারী ক্রিকেটারকে জার্সি প্রদান করেন। এ আয়োজনে আবাহনী ফুটবল দলের সাবেক খেলোয়াড় রজ্জব আলী, ক্রীড়া সংগঠক মোস্তান হোসেন, কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমির প্রধান কোচ সোহেল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমির কোচ সোহেল আহমেদ, বলেন ‘আমাদের একাডেমির নারী ক্রিকেটারদের কোনো জার্সি ছিল না। ক্রিকেট সংগঠক মনির হোসেন তাঁর ব্যক্তিগত উদ্যোগে আমাদের ৩০ জন নারী ক্রিকেটারকে জার্সি দিয়েছেন। তিনি ভবিষ্যতেও সহায়তার আশ্বাস দিয়েছেন। পত্রিকায় একাডেমির সংবাদটি ছাপা না হলে এ সহযোগিতা পেতাম না। এ জন্য আমরা প্রথম আলোকে ধন্যবাদ জানাই।’
ক্রীড়া সংগঠক মনির হোসেন বলেন, ‘প্রতিবেদনটি দেখেছি। আমার মনে দাগ কেটেছে। কেরানীগঞ্জের মেয়েরা শিক্ষার পাশাপাশি খেলাধুলায়ও এগিয়ে যাচ্ছে—এটা আমাদের জন্যে খুশির খবর। নারী ক্রিকেটারদের খেলাধুলায় এগিয়ে নেওয়ার জন্যে আমার পক্ষ থেকে তাঁদের সহায়তা করার চেষ্টা করেছি।’