কেরানীগঞ্জে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপদ সড়কের দাবিতে গতকাল শনিবার কেরানীগঞ্জে মানববন্ধন হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকার ঢাকা-মাওয়া সংযোগ সড়কে গতকাল বেলা ১১টার দিকে এ কর্মসূচি পালিত হয়। এ ছাড়া সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে মাওয়া সড়ক এলাকায় প্রচারপত্র বিলি করা হয়। সেবামূলক সংগঠন ইউএনও রাশেদ ফাউন্ডেশন ফর রোড সেফটি এই কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহে এলিদ মাইনুল আমিন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহকারী প্রকল্প পরিচালক ইসমাইল হোসেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি মো. ফারুক হোসেন, ইউএনও রাশেদ ফাউন্ডেশন ফর রোড সেফটি সংগঠনের সদস্যসচিব শাহিদুল হক প্রমুখ।

ইউএনও শাহে এলিদ মাইনুল আমিন বলেন, ২০১৬ সালের ১৮ মার্চ কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান ময়মনসিংহের ত্রিশালের ইউএনও রাশেদুল ইসলাম। তাঁর স্মৃতি রক্ষার্থে এবং সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।