কেরানীগঞ্জে নির্বাচন স্থগিতের দাবি বিএনপি-সমর্থিত প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জ উপজেলা নির্বাচনে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমউদ্দিন মাস্টার নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন স্থগিত করার দাবি জানিয়েছেন। আজ বৃহস্পতিবার বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের পর প্রথমে তিনি মৌখিকভাবে বিষয়টি সাংবাদিকদের জানান। পরে বেলা পৌনে তিনটার দিকে উপজেলা নির্বাচন কার্যালয়ে তিনি নির্বাচন স্থগিতের দাবি জানান।

নাজিমউদ্দিন মাস্টার অভিযোগ করেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়াসহ নানা অনিয়ম করেছেন।

তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী  শাহীন আহমেদ দাবি করেন, গত পাঁচ বছরে তিনি যত উন্নয়নমূলক কাজ করেছেন, এর জন্য স্থানীয়রা তাঁকে এমনিতেই ভোট দেবেন। তাঁর জয় নিশ্চিত জেনে প্রতিপক্ষের লোকেরা ‘মিথ্যা অভিযোগ’ করছেন বলে তিনি অভিযোগ করেন।

এদিকে উপজেলার কয়েকটি কেন্দ্রে ভোট গ্রহণে অনিয়ম পাওয়া গেছে। এমনই একটি কেন্দ্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চবিদ্যালয়। এই কেন্দ্রে যুবলীগ ও ছাত্রলীগের কর্মী-সমর্থকেরা নিজেরাই ব্যালট পেপারে সিল মেরে তা ব্যালট বাক্সে ঢুকিয়েছেন।

তবে এ ব্যাপারে জানতে চাইলে প্রিসাইডিং কর্মকর্তা মোশতাক আহমেদ বলেন, তাঁর সামনে কিছু হয়নি। এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।