কেরানীগঞ্জে পথশিশুকে ধর্ষণের আসামি রিমান্ডে
রাজধানীর কেরানীগঞ্জে ১২ বছর বয়সী পথশিশুকে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার সিদ্দিক ওরফে টাইগার সিদ্দিককে দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজিএম) আদালতের সিনিয়র ম্যাজিস্ট্রেট রাজীব হাসান শনিবার এই আদেশ দেন।
প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা পুলিশের আদালত পরিদর্শক মেজবাহউদ্দিন আহমেদ। ভুক্তভোগী শিশুটি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে ভর্তি আছে।
র্যাব, পুলিশ ও আদালত সূত্রগুলো বলছে, ভুক্তভোগী মেয়েটি রাজধানীর পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কে ভাসমান পথশিশু হিসেবে থাকত। গত বৃহস্পতিবার বিকেলে ভিক্টোরিয়া পার্ক থেকে জোর করে তুলে নিয়ে যান আসামি সিদ্দিক। পরে কেরানীগঞ্জে নিয়ে তাকে ধর্ষণ করেন। একই সঙ্গে মধ্যযুগীয় কায়দায় তাঁকে নির্যাতন করা হয়। পরে ওই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ভুক্তভোগী শিশু বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করে। এ ঘটনার ছায়া তদন্ত শুরু করে র্যাব-১০। শুক্রবার অভিযান চালিয়ে র্যাব সিদ্দিককে গ্রেপ্তার করে।
মামলার তদন্ত কর্মকর্তা কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) পান্নু মিয়া প্রথম আলোকে বলেন, শিশুটিকে ধর্ষণ করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেন আসামি সিদ্দিক। আদালতের অনুমতি নিয়ে তাঁকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। পুরো ঘটনার রহস্য উদ্ঘাটন করা হবে।