কেরানীগঞ্জে পিটুনিতে তিন পুলিশ আহত
আসামি ধরতে গিয়ে লোকজনের পিটুনিতে কেরানীগঞ্জ মডেল থানার তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। ডাকাত সন্দেহে তাঁদের পিটুনি দেওয়া হয়। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে। গত রোববার রাতে কেরানীগঞ্জের দড়িগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে রাতেই নয়জনকে আটক করা হয়। পরে পাঁচজনকে ছেড়ে দেওয়া হয়। আটক ব্যক্তিরা হলেন দড়িগাঁও জামে মসজিদের ইমাম আবদুল জলিল (৪৫), দেলোয়ার হোসেন (৬০), আনার উল্লাহ (৬০) ও গৃহবধূ রাহেলা (২০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে কেরানীগঞ্জের রুহিতপুর ইউনিয়নের বালুয়াটেক এলাকার আলী আজগর (৩৫) ও বাস্তা ইউনিয়নের দড়িগাঁও এলাকার সেরু মিয়ার (৫৪) মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। এ ঘটনায় সেরুর বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মারধরের অভিযোগ করেন আজগর। বিষয়টি তদন্তের জন্য রোববার রাত ১২টার দিকে থানার শিক্ষানবিশ উপপরিদর্শক (পিএসআই) সাঈদ ও তিন কনস্টেবল দড়িগাঁও এলাকায় সেরুর বাড়িতে যান। তাঁরা জোর করে বাড়িতে ঢোকার চেষ্টা করলে বাড়ির লোকজন ‘ডাকাত’ ‘ডাকাত’ বলে চিৎকার করতে থাকে। এ সময় ওই বাড়ির পাশের মসজিদের মাইকে গ্রামে ডাকাত পড়েছে বলে ঘোষণা করা হয়। একপর্যায়ে গ্রামবাসী পুলিশ সদস্যদের ঘিরে মারধর করে। এতে পিএসআই সাঈদ, কনস্টেবল ওসমান গনি ও সুমন আহত হন। তাঁরা পালিয়ে পাশের বাড়িতে গিয়ে ওসিকে খবর দেন। রাত দুইটার দিকে ওসির নেতৃত্বে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করেন। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় নয়জনকে আটক করে মারধর করে পুলিশ। পরে তাঁদের থানায় নিয়ে আসা হয়।কেরানীগঞ্জ মডেল থানার ওসি আসাদুজ্জামান ঘটনার বিস্তারিত কিছু না বললেও শুধু জাানিয়েছেন, পুলিশের ওপর হামলার ঘটনায় নয়জনকে আটক করা হয়। পরে পাঁচ নারী ও শিশুকে ছেড়ে দেওয়া হয়। পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে। কেরানীগঞ্জ মডেল থানা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফারুক হোসেন বলেন, আটককৃতদের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।