কেরানীগঞ্জে পুলিশের গাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হওয়াকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা পুলিশের গািড়তে আগুন দিয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চুনকুটিয়া হিজলতলার দেওয়ানবাড়ি জামে মসিজদের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীনগরের হাসাড়ায় গতকাল ভোর সাড়ে তিনটার দিকে মাওয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে গতিরোধ করে শ্রীনগর থানার পুলিশ৷ একই সময় পুলিশ বিপরীত দিক থেকে আসা রডবোঝাই একটি ট্রাকের সামনের গ্লাসে টর্চলাইটের আলো ফেলে গতিরোধের চেষ্টা করে৷ এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালক শাহ আলম (৪৫) ও অজ্ঞাত এক যাত্রী নিহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী গতকাল সকাল সাতটার দিকে ঢাকা-মাওয়া সংযোগ সড়ক চুনকুটিয়া চৌরাস্তায় শাহ আলমের লাশ রেখে অবস্থান নেন। এতে সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের তুলে েদওয়ার চেষ্টা করে৷ এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়৷ একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা পুলিশের পিকআপ ভ্যানে ভাঙচুর করে আগুন দেন৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েকটি রাবার বুলেট ছোড়ে৷ পরে জনতা পিছু হটেন৷
নিহত শাহ আলমের বড় ভাই মো. জামাল অভিযোগ করে বলেন, ‘পুলিশের টর্চলাইটের আলোর কারণে ট্রাকটি অটোরিকশাকে চাপা দেয়৷’
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি জামাল উদ্দিন মীর সাংবাদিকদের বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি আমাদের জানালে যথাযথ ব্যবস্থা নিতাম। পুলিশের গািড়তে আগুন দেওয়ার ঘটনায় মামলা হবে।’