কেরানীগঞ্জে পুলিশের নিষেধাজ্ঞায় দুই পক্ষের বাহাস অনুষ্ঠান বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের আইন্তা খেলার মাঠে আহলে সুন্নাত ওয়াল জামাত ও জমিয়তে আহলে হাদিসের বাহাস অনুষ্ঠান পুলিশের নিষেধাজ্ঞায় বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় আহলে সুন্নাত ওয়াল জামাত স্থানীয় হাসনাবাদ মদীনাতুল উলুম সৈয়দ ফজলুল করিম (র.) মাদ্রাসা প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ করে।ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, বাহাস অনুষ্ঠানে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা ছিল। তাই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ নিষেধাজ্ঞা সাময়িক সময়ের জন্য।জানা গেছে, ২২ জানুয়ারি দক্ষিণ কেরানীগঞ্জের আইন্তা এলাকার আহলে হাদিসের পক্ষের সিরাজুল ইসলামের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের মোহাম্মদ হোসেনের বাহাসের চুক্তি স্বাক্ষর হয়। গতকাল শনিবার বেলা ১১টায় আইন্তা খেলার মাঠে বাহাসের সভা নির্ধারণ করা হয়। এ ঘটনায় গতকাল সকাল থেকে সভাস্থলে পুলিশ নিষেধাজ্ঞা জারি করে। পুলিশের বাধায় আহলে সুন্নাত ওয়াল জামাতসহ চরমোনাই পীরের অনুসারীরা সেখানে উপস্থিত হতে না পেরে হাসনাবাদ হাউজিং এলাকায় প্রতিবাদ সমাবেশ করেন। সভায় বক্তব্য দেন চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম, নায়েবে আমির সৈয়দ মুফতি ফয়জুল করিম, মাওলানা সোলায়মান নোমানী, মুফতি আ. মালেক, মাওলানা মাহফুজুর রহমান, মুফতি নুরুল আমিন, মুফতি ইমাদউদ্দিন প্রমুখ।