কেরানীগঞ্জে পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা, যুবককে জবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কালীগঞ্জে পোশাক শ্রমিক মোতালেবকে (২৭) কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া জিনজারা বাজারে ফয়সাল হোসেন (১৮) নামের এক যুবককে জবাই করা হয়েছে। গত রোববার রাতে এ ঘটনা দুটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব আগানগরের জোনাকী গার্মেন্টের শ্রমিক মোতালেব রাত দুইটার দিকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। কালীগঞ্জ জোড়া সেতুর কাছে পৌঁছালে তিনি ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইয়ে বাধা দেওয়ায় ছিনতাইকারীরা তাঁকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। গতকাল সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠায়। মোতালেবের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন রুবাইখা গ্রামে। এ ব্যাপারে নিহতের ছোট ভাই শিহাব বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। একই দিন গভীর রাতে জিনজিরা ফেরিঘাটে ফয়সাল নামের একজন যুবককে জবাই করে হত্যা করা হয়েছে।কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক শাহ আলম বলেন, এ ঘটনায় ফয়সালের মা ভানু বেগম হত্যা মামলা করেছেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সুজন (১৫) নামের এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের টাকার ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে ফয়সালকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।