কেরানীগঞ্জে প্রভাবশালীদের হুমকিতে মার্কেট বন্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ কনটেইনার পোর্ট সড়কের সাউদিয়া সুপার কমপ্লেক্স নামের একটি মার্কেটের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। একটি চক্রের হুমকির মুখে গত শুক্রবার থেকে ওই মার্কেট বন্ধ রয়েছে বলে জানা গেছে।মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকার কাঁঠালবাগানের বাসিন্দা গোলাম রসুল প্রায় ছয় বছর আগে ১০ শতাংশ জমি কিনে সাউদিয়া সুপার কমপ্লেক্স গড়ে তোলেন। স্থানীয় প্রভাবশালী সিরাজুল ইসলাম ও তাঁর লোকজন গত বৃহস্পতিবার দুপুরে ওই মার্কেটে গিয়ে ব্যবসায়ীদের দোকান বন্ধ রাখার হুমকি দেন। তাঁর লোকজনের ভয়ে ব্যবসায়ীরা শুক্রবার থেকে দোকান বন্ধ রেখেছেন।গোলাম রসুল অভিযোগ করেন, সিরাজুল ও তাঁর লোকজন এর আগেও মার্কেটে হামলা চালিয়েছেন। এ ঘটনায় আদালতে মামলাও করেছি। আবার তিনি মার্কেটের ব্যবসায়ীদের হুমকি দিয়েছেন। তাই তিন দিন ধরে মার্কেট বন্ধ রয়েছে।মার্কেটের একটি দোকানের মালিক মো. রিয়াজ জানান, ‘স্থানীয় কিছু প্রভাবশালী লোকের হুমকির কারণে বাধ্য হয়ে দোকান বন্ধ রেখেছি।’তবে সিরাজুল ইসলাম সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ওই এলাকায় আমাদের ২৬ শতাংশ পৈতৃক সম্পত্তি রয়েছে। মার্কেটের কিছু জমিও আমার।’ দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নীলোত্পল দে বলেন, ‘মার্কেট খোলা রাখতে বলা হয়েছে। কিন্তু দোকানমালিকেরা কেন বন্ধ রেখেছে আমি জানি না।’