কেরানীগঞ্জে ফেভিকল ও আইকা দিয়ে সেমাই তৈরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জে বড় কুশিয়ারবাগে অভিযান চালিয়ে প্রায় লাখ টাকার বিষাক্ত সেমাই জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এই সেমাই ফেভিকল গাম ও আইকা ব্যবহার করে তৈরি করা হয়েছিল৷ গত বুধবার ঢাকা জেলা প্রশাসন, ৫-আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।
ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী বলেন, দীর্ঘদিন ধরে বড় কুশিয়ারবাগ এলাকায় সোমা ফুড প্রোডাক্টস বিষাক্ত ফেভিকল গাম ও আইকা ব্যবহার করে এইচ কে লাচ্ছা সেমাই তৈরি ও বিক্রি করে আসছিল। সেমাই তৈরির পরিবেশও অত্যন্ত নোংরা ও দুর্গন্ধযুক্ত। কারখানায় প্রচুর মাছি, তেলাপোকা ও ময়লা আবর্জনা পাওয়া যায়। সাধারণত কারখানাটি গভীর রাতে সেমাই তৈরি করে থাকে। অভিযান চলাকালে মালিক হারাধন কুমার পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ দেওয়া হয়েছে। লাইসেন্স বাতিলের জন্য বিএসটিআইকে বলা হয়েছে।
৫-এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার আমিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রাথমিক সত্যতা পাওয়ার পর এই অভিযান চালানো হয়েছে৷ অভিযানে সেমাই তৈরিতে ব্যবহৃত ক্ষতিকারক ফেভিকল গাম ও আইকা উদ্ধার করা হয়েছে। এই গাম ব্যবহার করে সেমাইকে গাঢ় ও শক্ত করা হতো। জব্দ করা প্রায় পাঁচ লাখ টাকার বিষাক্ত সেমাই জব্দ করে জনসম্মুখে তা ধ্বংস করা হয়েছে।
অভিযানে ৫-এপিবিএনের সহকারী পুলিশ সুপার সাইদুর রহমান ও বিএসটিআইয়ের ফিল্ড অফিসার রেজোয়ানুর রহমান উপস্থিত ছিলেন।