কেরানীগঞ্জে বউ-শাশুড়ি হত্যার ঘটনায় গ্রেপ্তার ২
ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর মানিকনগর এলাকায় বউ-শাশুড়ি হত্যার ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাতে পটুয়াখালীর গলাচিপা থানাধীন চরবিশ্বাস গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তার করা ওই যুবকেরা হলেন: মানিকনগর গ্রামের হোসেন (২০) ও মাহিন (২১)।প্রসঙ্গত, গত ২৯ আগস্ট সন্ধ্যায় জুলেসা বেগম ও তাঁর চাচিশাশুড়ি রিজিয়া বেগমকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় পরে কেরানীগঞ্জ মডেল থানায় অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্তকে আসামি করে মামলা করা হয়।মামলার তদন্তকারী কর্মকর্তা ও কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) গোলাম সারোয়ার প্রথম আলোকে গতকাল শনিবার বলেন, গ্রেপ্তার এড়াতে হোসেন ও মানিক দুর্গম এলাকার ওই চরবিশ্বাস গ্রামে আত্মগোপন করেছিলেন। গোপন খবরের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এসআই বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হোসেন ও মানিক বলেছেন, নিহত জুলেসা বেগমের ছেলে আরশাদের সঙ্গে তাঁরা জুয়া খেলতেন। ধারণা করা হচ্ছে, জুয়ার টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ওই জোড়া খুনের ঘটনা ঘটে।