কেরানীগঞ্জে বর্জ্য ডাম্পিং শুরু
বুড়িগঙ্গার তলদেশ থেকে অপসারিত বর্জ্য ও পলিথিন গতকাল মঙ্গলবার সকাল থেকে কেরানীগঞ্জের আগানগর নদীধারা খেয়াঘাট এলাকায় জমা করে ডাম্পিংয়ের কাজ শুরু হয়েছে। অপসারণ কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারী মো. মোবাচ্ছের আলী জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনটি জাহাজের বর্জ্য ও পলিথিন আগানগর নদীধারা খেয়াঘাট এলাকায় নির্মিত ঘেরা জায়গায় ডাম্পিং করা হয়েছে। এগুলো আজ বুধবার সকাল থেকে ট্রাকযোগে অন্যত্র সরিয়ে নেওয়া হবে। গত সোমবার প্রথম আলোয় কেরানীগঞ্জের বেড়িবাঁধ এলাকায় ময়লা, বর্জ্য ও আবর্জনা অপসারণের কাজ বন্ধের সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে গতকাল মঙ্গলবার সকাল থেকে ওই এলাকায় (আগানগর নদীধারা) ময়লা ও আবর্জনা অপসারণের কাজ পুনরায় শুরু হয়েছে। গতকাল অর্ধশত শ্রমিক বর্জ্য ও আবর্জনা অপসারণ কাজে অংশ নেন।বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, বুড়িগঙ্গার উভয় তীর ও বেড়িবাঁধ এলাকায় ময়লা, আবর্জনা পরিষ্কার না হওয়া পর্যন্ত এ কাজ অব্যাহত থাকবে।