কেরানীগঞ্জে বাবার বিরুদ্ধে মেয়েকে হত্যার অভিযোগ
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পূর্ব ইমামবাড়ি এলাকায় শনিবার রাতে ৪০ দিনের এক শিশুকে তাঁর বাবা শ্বাস রোধ করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। ওই শিশুর নাম সোহাগী বেগম। পুলিশ সোহাগীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।নিহত শিশুর মা জায়েদা বেগম জানান, তাঁর স্বামী মো. টিপু (৩৭) রিকশা চালান। মাঝেমধ্যে তিনি নেশাগ্রস্ত হয়ে বাসায় ফেরেন। এ নিয়ে তাঁদের মধ্যে প্রায় কথা-কাটাকাটি হতো। ঘটনার দিন রাতেও টিপুর সঙ্গে তাঁর ঝগড়া হয়। পরে তাঁরা ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে তিনি মেয়ে সোহাগীকে মৃত দেখতে পান। বিষয়টি বাড়ির সবাইকে জানালে টিপু পালিয়ে যান। তিনি আরও জানান, টিপুই তাঁর মেয়ে সোহাগীকে শ্বাস রোধ করে মেরেছে। টিপুর বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার গোবিন্দপুর এলাকায়। দীর্ঘদিন ধরে তাঁরা পূর্ব ইমামবাড়ির মো. মিজানের বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছেন।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, এ ঘটনায় টিপুকে আসামি করে জায়েদা একটি হত্যা মামলা করেছেন। টিপুকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।