কেরানীগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৪
ঢাকার পার্শ্ববর্তী দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঢাকা-মাওয়া মহাসড়কের কদমপুর এলাকায় আজ শনিবার যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। বিকেল সোয়া চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লোকজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো সোহাস (৩), তানিয়া (১৫) ও আসমা (২৫)। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মাইক্রোবাসের যাত্রীরা মুন্সিগঞ্জের চম্পাপুর থেকে দক্ষিণ কেরানীগঞ্জের পারগেন্ডারিয়া যাচ্ছিল।
নিহত আসমার চাচাতো ভাই মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা চালকসহ ১১ জন ওই মাইক্রোবাসে করে পারগেন্ডারিয়ায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলাম। হঠাত্ বিপরীত দিক থেকে এসে একটি বাস জোরে ধাক্কা দেয়।’
দুর্ঘটনায় চারজনের মৃত্যুর খবর শুনেছেন বলে জানান দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর।