কেরানীগঞ্জে বাড়িতে ডাকাতি স্বর্ণ ও টাকা লুট
দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাহপুর উত্তর মালিভিটা গ্রামের একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। পরিবারের দাবি, ডাকাতেরা ১১১ ভরি স্বর্ণালংকার ও প্রায় ১৮ লাখ টাকা লুট করেছে। গৃহকর্তা অহিদুল ইসলামের ছেলে আনোয়ার হোসেনের (৫০) ভাষ্যমতে, ‘গত রোববার দিবাগত রাত দুইটার দিকে ২৫-৩০ জনের মুখোশধারী ডাকাতদল বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। বাড়িতে তিনি ছাড়াও তিন ভাই কবির হোসেন, দেলোয়ার হোসেন ও আবুল হোসেনের পরিবারের সদস্যরা বাস করেন। কবির ও আবুল কুয়েত প্রবাসী। ডাকাতদল বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিমিঞ্চ করে তাঁর ঘর থেকে ৩৫ ভরি স্বর্ণালংকার ও ১২ লাখ টাকা, বাবার ঘর থেকে ছয় ভরি স্বর্ণালংকার, দেলোয়ার হোসেনের ঘর থেকে ২৫ ভরি স্বর্ণালংকার ও পাঁচ লাখ টাকা, কবির হোসেনের ঘর থেকে ২০ ভরি স্বর্ণালংকার ও ৬০ হাজার টাকা এবং আবুল হোসেনের ঘর থেকে ২৫ ভরি স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।’ দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাড়ির লোকজন যে পরিমাণ মালামাল লুণ্ঠিত হয়েছে বলে দাবি করছেন তা গ্রহণযোগ্য নয়। তবে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।