কেরানীগঞ্জে বিআরটিএ কার্যালয়ে সংঘর্ষ, তিনজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে গতকাল মঙ্গলবার দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন আরিফুর রহমান, রাকিব হোসেন ও কাওসার। জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় সালাম নামের এক ব্যক্তি গাড়ির কাগজপত্র করাতে কেরানীগঞ্জে বিআরটিএ কার্যালয়ে আসেন। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সামিউল ইসলাম তাঁর কাছ থেকে গাড়ির কাগজপত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে সেখানে উপস্থিত আরিফুর, রাকিব, কাওসার তাঁকে বাধা দেন। এ নিয়ে তাঁদের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরে গতকাল বেলা ১১টার দিকে সামিউলের নেতৃত্বে সাত-আটজন সন্ত্রাসী চাকু, রড, লাঠিসোঁটা নিয়ে বিআরটিএর কার্যালয়ের ভেতরে অবস্থানরত আরিফুর, রাকিব ও কাওসারের ওপর হামলা চালায়। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।কেরানীগঞ্জে বিআরটিএ কার্যালয়ের সহকারী পরিচালক মেজবাহ উদ্দিন জানান, ‘ঘটনাটি শুনেছি, তবে কী নিয়ে এটা ঘটেছে তা জানি না।’