কেরানীগঞ্জে বিআরটিএর সনদ জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জে বাংলাদেশ সড়ক যোগাযোগ কর্তৃপক্ষের (বিআরটিএ) সনদ জালিয়াতির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ গতকাল মঙ্গলবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া বিআরটিএর কার্যালয় থেকে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে মোটরযানের মালিকানা বদলিসংক্রান্ত জাল কাগজপত্র উদ্ধার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. এরফান (৫৫), নাসিম (৩৫) ও মাসুদ (৩২)। তাঁদের বাড়ি ইকুরিয়া মোকামপাড়া এলাকায়।পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার তাঁতীবাজারের ২৬ নম্বর পোদ্দার লেনের আ. করিম নামের এক বাসিন্দা মোটরসাইকেলের মালিকানা বদলি করাতে কয়েক মাস আগে ইকুরিয়ার বিআরটিএর কার্যালয়ে যান। কাজটি দ্রুত করে দেওয়ার আশ্বাস দিয়ে গ্রেপ্তার হওয়া ওই তিন ব্যক্তি তাঁর কাছ থেকে চার হাজার টাকা হাতিয়ে নেন। তাঁরা গতকাল করিমের হাতে বিআরটিএর মোটরযান পরিদর্শক মাজফুজুর রশিদ ও উচ্চমান সহকারী আনিসুর রহমানের স্বাক্ষর ও সিল জাল করা সনদ তুলে দেন। একপর্যায়ে বিআরটিএ কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেয়। মোটরযান পরিদর্শক মাহফুজুর প্রথম আলোকে জানান, ‘আমরা অনেক কাগজে স্বাক্ষর ও সিল দিয়ে থাকি। সম্ভবত এসব কাগজ থেকে কর্মকর্তাদের স্বাক্ষর ও সিল কম্পিউটারে স্ক্যান করে জাল সনদ তৈরি করা হচ্ছিল।’দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার প্রথম আলোকে জানান, এ ঘটনায় মামলা হয়েছে।