কেরানীগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে ৮ নেতা-কর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও দলের যুগ্ম মহাসচিব আমান উল্লাহ্ আমানের সমর্থক নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে আটজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার উপজেলার জিনজিরা বাস রোড এলাকার দলীয় কার্যালয়ে ওই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে গয়েশ্বর চন্দ্রের সমর্থক জিনজিরা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. অপু দলীয় কার্যালয় থেকে আমান উল্লাহ্ আমানের ছবিসংবলিত ব্যানার ও পোস্টার অপসারণের চেষ্টা চালান। তখন আমান উল্লাহ্র সমর্থক দক্ষিণ কেরানীগঞ্জ থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী অপুকে মারধর করেন। এর জের ধরে দুপক্ষে লাঠিসোঁটা নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় দুপক্ষের নেতাদের ছবিসংবলিত ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলা হয়। নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এতে আমান উল্লাহ্র সমর্থক আশরাফ আলী ছাড়াও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির নেতা মাসুদুর রহমান, ছাত্রদলের নেতা মো. আলমগীর হোসেন আহত হন। গয়েশ্বর চন্দ্রের পক্ষে আহত হন যুবদলের নেতা অপু, শিপন, বাবু, আলী আহমঞ্চদ ও মামুন। দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির যুগ্ম আহ্বায়ক অর্পণা রায় বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা গয়েশ্বর চন্দ্রের পোস্টার লাগাতে গেলে আশরাফ আলীসহ কয়েকজন হামলা চালান এবং সেগুলো ছিঁড়ে ফেলে পাঁচজনকে মারধর করেন।’ আশরাফ আলী বলেন, ‘আমরা পোস্টার-ব্যানার ছিঁড়িনি। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। বরং গয়েশ্বর চন্দ্রের নেতা-কর্মীরাই আমাদের মারধর করেছেন।’ দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক নাজিম উদ্দিন আহমেদ বলেন, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে এ গণ্ডগোলের সৃষ্টি হয়। বিষয়টি মীমাংসার চেষ্টা হচ্ছে।