কেরানীগঞ্জে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় বিদ্যুৎ অফিসের সামনে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে তিন এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকাল ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া, মীরেরবাগ ও পারগেন্ডারিয়া এলাকার শতাধিক মানুষ বিদ্যুতের দাবিতে ঢাকা পল্লী বিদ্যুৎ-২ হাসনাবাদ জোনাল অফিসের সামনে বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভকারীরা প্রায় ঘণ্টা খানেক বিদ্যুৎ অফিসের সামনে শান্তিপূর্ণ অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় হাসনাবাদ জোনাল অফিসের ডিজিএম আমানউল্লাহ পাটোয়ারী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা চলে যায়। মীরেরবাগ এলাকার বাসিন্দা মো. আজিজ সরকার বলেন, ‘গত সপ্তাহ থেকে আমাদের এলাকায় নিয়মিত বিদ্যুৎ থাকে না। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।’ পারগেন্ডারিয়া এলাকার পোশাক ব্যবসায়ী মো. হেলাল জানান, ‘লোডশেডিংয়ের কারণে আমাদের এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে গড়ে মাত্র চার-পাঁচ ঘণ্টা বিদ্যুৎ থাকে। এতে আমাদের তৈরি পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে।’ তিনি লোডশেডিংয়ের মাত্রা কমানোর দাবি করেন। ঢাকা পল্লী বিদ্যুৎ-২ হাসনাবাদ জোনাল অফিসের ডিজিএম আমান উল্লাহ পাটোয়ারী বলেন, ‘আমাদের জোনাল অফিসের আওতায় প্রতিদিন গড়ে ৪০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে, কিন্তু আমরা সরবরাহ পাচ্ছি ১৭-১৮ মেগাওয়াট। তার পরও গ্রাহকদের সমস্যার বিষয়টি বিবেচনা করে বিদ্যুতের লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হচ্ছে।’