কেরানীগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন
ঢাকার কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নে পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ৩৩/১১ কেভি ২০ এমভিএ বিদ্যুৎ উপকেন্দ্র চালু করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতায় নতুন সংযোগের আবেদনের জন্য www.dhakapbs2.org.bd ওয়েবসাইটটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করেন।
পল্লী বিদ্যুৎ সমিতি-২ সূত্রে জানা গেছে, নয় কোটি টাকা ব্যয়ে দুই মাস ১০ দিনের মধ্যে আগানগর ৩৩/১১ কেভি ২০ এমভিএ বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ সম্পন্ন করা হয়। এ উপকেন্দ্রের মাধ্যমে আগানগর, জিনজিরা, শুভাঢ্যা, কালিন্দি, কলাতিয়া ও রোহিতপুর ইউনিয়নের ১২ হাজার নতুন গ্রাহককে বিদ্যুৎ-সংযোগ দেওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ কার্যালয়ে দালাল বরদাশত করা হবে না। এরই ধারাবাহিকতায় পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতায় নতুন সংযোগের আবেদনের জন্য অনলাইন সেবা চালু করা হয়েছে। এখন আর কাউকে দালালের মুখাপেক্ষী হতে হবে না। পর্যায়ক্রমে এই সেবা সারা দেশে চালু করা হবে।