কেরানীগঞ্জে বিশ্বখ্যাত ব্র্যান্ডের পোশাক
ঈদের পোশাক তৈরির ক্ষেত্রে কেরানীগঞ্জের ব্যবসায়ীরা প্রতিবারই বিশেষ প্রস্তুতি নেন। বাজার থেকে বিদেশি পোশাক হটিয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে এখানকার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের শার্ট-প্যান্ট। প্রতিবছরই তাঁরা সাফল্যের সঙ্গে এ কাজটি করেন। এবারও ব্যতিক্রম হয়নি।তবে বিদ্যুৎ বিভ্রাটের কারণে এ বছর কেরানীগঞ্জের ব্যবসায়ীরা বাজারের পুরো চাহিদা মেটাতে পারেননি। তাঁরা আশা করছেন, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকলে ঈদের আগেই চাহিদামাফিক পোশাক বাজারে সরবরাহ করা যাবে।সরেজমিনে দেখা যায়, কেরানীগঞ্জের তৈরি পোশাকের বাজারে পাইকারি ক্রেতাদের ভিড়। এখান থেকেই ঢাকাসহ সারা দেশের বিভিন্ন মার্কেটে যাচ্ছে জিনস প্যান্ট, পাজামা, পাঞ্জাবি, ফতুয়া, থ্রি-পিস, বেবি স্যুট, সালোয়ার-কামিজসহ আরও হরেক রকম তৈরি পোশাক। বরাবরের মতো এবারও রয়েছে বিদেশি ব্র্যান্ডের প্যান্ট ও শার্টের বিপুল সমাহার। এর মধ্যে রয়েছে গ্যাপ, আরমানি, ডিজেল, এফএস ক্লাসিক, ভ্যালুড ডিসকাউন্ট, কটন ক্লাব, কসমো, নেক্সট, নেস, হ্যাজার্ড, মিনটাইম, ডিফান্সি, লবোসিয়া, লরেন্ট বেনন-জাতীয় বিশ্বখ্যাত সব ব্র্যান্ড। নকল হলেও এসব ব্র্যান্ডের প্যান্ট-শার্ট গুণে ও মানে যথেষ্ট উন্নত। যথেষ্ট মানের বলেই ঢাকার ছোট-বড় ও অভিজাত সব শপিং মলের খুচরা ব্যবসায়ীরা তাঁদের দোকানের জন্য পোশাক সংগ্রহ করেন কেরানীগঞ্জ থেকে। বিদেশি ব্র্যান্ডের নামযুক্ত এসব শার্ট-প্যান্টের খুচরা দাম ৩০০ থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত।ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা যায়, বিশ্বমানের বিভিন্ন ব্র্যান্ডের শার্ট-প্যান্টের লোগোযুক্ত স্টিকার স্থানীয় বাজারে পাওয়া যায়। যখন যে ব্র্যান্ডের চাহিদা বেশি দেখা যায়, উৎপাদনকারীরা সেই ব্র্যান্ডের পোশাকই বেশি তৈরি করেন।কেরানীগঞ্জের পোশাকশিল্পের এ বাজারটি দক্ষিণ কেরানীগঞ্জের পূর্ব আগানগর, চর কালীগঞ্জ, কালীগঞ্জ বাজার, খেজুরবাগ, আগানগর ছোট মসজিদ, বাঘাবাড়ী ও নাগর মহল পর্যন্ত বিস্তৃত। এখানে পোশাক তৈরির করাখানা প্রায় পাঁচ হাজার। মার্কেট ২০০ এবং দোকান ১৫ হাজারের মতো। এসব পোশাক কারখানায় প্রায় তিন লাখ শ্রমিক কাজ করেন। কেরানীগঞ্জ গার্মেন্টস ও দোকান মালিক সমবায় সমিতির হিসাবমতে, সারা দেশের তৈরি পোশাকের চাহিদার ৮০ শতাংশই এখান থেকে সরবরাহ করা হয়।পাইকারি ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, বছরের অন্য সময়ের তুলনায় ঈদের সময় বেশি কেনাবেচা হয়। এই কেনাবেচা ঈদের আগ পর্যন্ত অব্যাহত থাকবে। সিলেটের বন্দরবাজারের ব্যবসায়ী আবদুল মালেক ও সালেহ আহমেদ এবং নওয়াবগঞ্জের ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, তাঁরা কেরানীগঞ্জের মার্কেট থেকে পোশাক নিয়ে বিক্রি করলে তাতে লাভ বেশি থাকে। ব্যবসায়ী নেতা মিলন খান ও শহীদুল ইসলামের সঙ্গে আলাপ করে জানা গেছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে এবারের ঈদ উপলক্ষে পর্যাপ্ত পরিমাণে পোশাক সরবরাহ করা সম্ভব হয়নি। ওয়াশিং মেশিনগুলো নিরবচ্ছিন্নভাবে চলতে না পারায় উৎপাদিত পোশাকের ৪০ শতাংশেরই মান নষ্ট হয়ে গেছে। তাই এবারের ঈদের বাজারে কিছু বিদেশি পোশাকও রয়েছে। মূলত ভারত, থাইল্যান্ড ও চীন থেকে এসব পোশাক আমদানি করা হয়। এসব পোশাকও কেরানীগঞ্জ থেকেই দেশের অন্যান্য মার্কেটে সরবরাহ করা হয়।