কেরানীগঞ্জ উপজেলায় পাঁচ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা-২০১৬ শুরু হয়েছে। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘অর্থ স্বাস্থ্য পুষ্টি চান, দেশি ফল বেশি খান’। গতকাল বুধবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এ মেলার উদ্বোধন করা হয়। মেলাটি রোববার পর্যন্ত চলবে। মেলায় উপজেলার বিভিন্ন নার্সারি ও কৃষিভিত্তিক ১৫টি স্টল রয়েছে। ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করেন কেরানীগঞ্জের উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ। উপজেলার নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ফখরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেল অঞ্জন কুমার সরকার, উপজেলা প্রকৌশলী মো. শাহজাহান, বন কর্মকর্তা মোশারফ হোসেন প্রমুখ। লায়ন্স ক্লাব অব রোজ গার্ডেনের পক্ষ থেকে বিনা মূল্যে পাঁচ হাজার ফলদ ও বনজ গাছের চারা উপজেলার ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে দেওয়া হয়। এ ছাড়া কেরানীগঞ্জ গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচির আওতায় আড়াই হাজার ফলদ, বনজ ঔষধি গাছের চারা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ৩২০ জন কৃষককে বিনা মূল্যে বীজ ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়।