কেরানীগঞ্জে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে হামিদা বেগম (৬০) নামের এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানায়, দক্ষিণ কেরানীগঞ্জে দক্ষিণ মালিভিটা গ্রামের মৃত আলতাফ হোসেনের স্ত্রী হামিদা শুক্রবার রাতে নিজ কক্ষে হত্যাকাণ্ডের শিকার হন। গতকাল সকালে বাড়ির নির্মাণকাজ করতে আসা রাজমিস্ত্রিরা তাঁকে মৃত অবস্থায় দেখতে পান। হামিদার তিন ছেলে সৌদিপ্রবাসী।নিহতের মেয়ে সাহেদা বেগম জানান, ওই বাড়িতে তাঁর মা হামিদা একাই থাকতেন। জমিজমা নিয়ে আত্মীয়স্বজনের সঙ্গে হামিদার বিরোধ ছিল। দুর্বৃত্তরা তাঁকে হত্যার পর ঘরের আলমারি ভেঙে জমির দলিলপত্র নিয়ে গেছেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, হামিদকে বালিশচাপা দিয়ে ও গলায় শাড়ি পেঁচিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে।