কেরানীগঞ্জে বেড়িবাঁধের কিছু অংশ ধসে গেছে
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা রহমতপুর মাজারঘাট খেয়া এলাকার বুড়িগঙ্গা বন্যা রক্ষা বেড়িবাঁধের কিছু অংশ ধসে গেছে। মাজারঘাটটি ভেঙে বেড়িবাঁধের স্লাবগুলো নদীতে পড়ে গেছে। এতে ওই এলাকার বেড়িবাঁধের ২৫ থেকে ৩০ গজ অংশজুড়ে স্লাবগুলো ধসে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর থেকে গত চার দিন ধরে ওই ঘাটে খেয়া নৌকা চলাচল বন্ধ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, বছর খানেক আগে থেকে জিনজিরা পুলের ঘাট এলাকা থেকে গোকুল চর ঘাট এলাকা পর্যন্ত কিছু কিছু জায়গার বেড়িবাঁধের অংশে ফাটল দেখা দেয়। গত সপ্তাহে বৃষ্টি হওয়ার কারণে মাজারঘাটটির বেড়িবাঁধের অংশ বুড়িগঙ্গা নদীতে ধসে পড়ে। দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক হাজি নাজিম উদ্দিন জানান, দ্রুত মাজারঘাটটি ও ধসে পড়া বেড়িবাঁধের অংশটি সংস্কার করা না হলে বুড়িগঙ্গার তীরবর্তী এলাকার ঘরবাড়িগুলো নদীতে ধসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঢাকা বন্যা নিয়ন্ত্রণ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আ. মান্নান বলেন, বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বুড়িগঙ্গার তীর থেকে বর্জ্য সরানোর কাজ করার কারণে মাজারঘাটটি ভেঙে গেছে। এ সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঢাকা নদী বন্দরের ঊর্ধ্বতন উপপরিচালক শরিফ মো. আফজাল হোসেন বলেন, যদি বুড়িগঙ্গার তীর থেকে বর্জ্য ও ময়লা সরানোর কারণে এ অবস্থার সৃষ্টি হতো তাহলে বন্যা রক্ষা বেড়িবাঁধের বেশির ভাগ অংশ ধসে পড়ত। পাউবোর কর্মকর্তাদের অভিযোগ সঠিক নয়।