কেরানীগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার পূর্ব চড়াইল এলাকায় গতকাল শুক্রবার ভোরে ব্যবসায়ী হাজি কমল উদ্দিনের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা প্রায় সাত লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় সবুজ (৩০) ও হাবিব (৪৫) নামে দুই ডাকাতকে ধরে গণপিটুনি দেন এলাকাবাসী। এ সময় তিনটি তাজা হাতবোমা ও একটি গ্রিল কাটার মেশিন উদ্ধার করা হয়। পরে সকাল সাতটার দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ কেরানীগঞ্জ ক্যাম্পের সদস্যরা এসে ডাকাতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
পুরান ঢাকার ইসলামপুরের কাপড় ব্যবসায়ী হাজি কমল উদ্দিন জানান, ভোর সাড়ে চারটার দিকে বাড়ির পেছনের জানালার গ্রিল কেটে অস্ত্র নিয়ে মুখোশধারী ১০-১২ জন ডাকাত বাড়িতে প্রবেশ করে। তারা প্রথমে তাঁর ছোট ভাই আলাউদ্দিনের ঘরে ঢুকে তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে ডাকাতরা তাঁর ঘরের ১৫ হাজার টাকা এবং একটি মুঠোফোন লুট করে। এরপর ডাকাতরা তাঁর মা সুফিয়া বেগমের ঘর থেকে সোনার চুড়ি ও কানের দুল নিয়ে যায়। ডাকাতরা পাশের ঘরের স্টিলের আলমারির তালা ভেঙে প্রায় ১৩ ভরি সোনার গয়না ও একটি স্যামসং ক্যামেরা লুট করে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। দুই ডাকাতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লুট করা মালামাল উদ্ধার ও পালিয়ে যাওয়া ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।