কেরানীগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
কেরানীগঞ্জে গত সোমবার দিবাগত রাতে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে৷ ডাকাতেরা প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করে বলে ব্যবসায়ীর পরিবারের সদস্যরা জানিয়েছেন৷
দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কোন্ডা ইউনিয়নের দোলেশ্বর এলাকায় ইট ব্যবসায়ী জুয়েল হোসেন জানান, সোমবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে ১৫-২০ জনের মুখোশধারী একদল ডাকাত দরজা ভেঙে তাঁদের বাড়ির ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ির সবার হাত-পা বেঁধে ফেলে৷ এরপর আলমারি ভেঙে ডাকাতেরা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ও এক লাখ ৩০ হাজার টাকা লুট করে৷ এরপর ডাকাত দল জুয়েলের মাথায় পিস্তল ঠেকিয়ে তাঁর ছোট ভাই ইমরাজ হোসেনকে ডেকে তোলে৷ ইমরাজ ঘরের দরজা খোলামাত্র ডাকাতেরা ভেতরে প্রবেশ করে তাঁর পরিবারের সবার হাত-পা বেঁধে ফেলে৷
ইমরাজ হোসেনের স্ত্রী ইভা হোসেন জানান, ডাকাত দল তাঁদের ঘর থেকে ২০ লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণালংকার এবং মূল্যবান কাগজপত্র নিয়ে যায়৷ তিনি বলেন, ‘ডাকাতেরা যাওয়ার সময় আমাদের সবাইকে টয়লেটে আটকে রেখে যায়৷ ভোরে এলাকার লোকজন খবর পেয়ে আমাদের টয়লেট থেকে উদ্ধার করে৷’