কেরানীগঞ্জে ভোটকেন্দ্র দখল, জাল ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি ভোটকেন্দ্রে গতকাল বৃহস্পতিবার সহিংস ঘটনা ঘটেছে। এ সময় গুলিতে এক শিশু নিহত ও এক বৃদ্ধা আহত হয়েছেন। ভোটকেন্দ্র দখল ও জাল ভোটের অভিযোগে নির্বাচন বর্জন করেছেন বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী।
নিহত শিশুর নাম শুভ কাজী (৯)। সে ঢালিকান্দি গ্রামের হালিম কাজীর ছেলে ও মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। আহত বৃদ্ধার নাম হাজেরা বেগম (৯০)। তিনি একই গ্রামের বাসিন্দা। তাঁকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও ভোটের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, হযরতপুর ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেনের (আয়নাল) পক্ষের ১০-১২ জন কর্মী-সমর্থক গতকাল বেলা ১০টার দিকে মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রবেশ করেন। এ সময় তাঁরা পোলিং কর্মকর্তাদের কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। একপর্যায়ে তাঁরা ভোটকেন্দ্র ত্যাগ করেন। কিন্তু এর কিছুক্ষণ পরই আওয়ামী লীগের প্রার্থীর সমর্থক রানা মোল্লার নেতৃত্বে ২৫-৩০ জন সশস্ত্র যুবক পুনরায় ওই ভোটকেন্দ্রে প্রবেশ করেন। তাঁরা ছয়টি বুথ দখল করে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় সেখানে অবস্থানরত ভোটার ও পোলিং এজেন্টসহ অন্যরা দৌড়াদৌড়ি শুরু করেন। একপর্যায়ে ওই যুবকেরা পিস্তল দিয়ে গুলি ছুড়তে ছুড়তে ভোটকেন্দ্র ত্যাগ করেন। এ সময় ভোটকেন্দ্রের পাশে দাঁড়িয়ে থাকা শিশু শুভ কাজীর পেটে ও বৃদ্ধা হাজেরা বেগমের মাথায় গুলি লাগে। শুভকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। গুরুতর আহত হাজেরা বেগমকে প্রথমে স্থানীয় একটি ডাক্তারখানায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
শুভর বাবা হালিম কাজী বলেন, তাঁর স্ত্রী সুবর্ণা বেগমের সঙ্গে ভোটকেন্দ্রে যাওয়ার বায়না ধরে ছেলে শুভ। দুজন ভোটকেন্দ্রে যাওয়ার পরপরই গুলি শুরু হয়। তিনি আরও বলেন, ‘ওরা ভোটাভুটি করল আর আমার পোলা মইরা গেল, এমুন ভুট আমরা চাই না।’ মা সুবর্ণা বেগম বলেন, দুই সন্তানের মধ্যে শুভ বড় ছিল। তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘এখন আমি কী নিয়া বাঁচমু। আমার ছোট মেয়ে হাফসা কাকে ভাই বইল্যা ডাকব।’
আহত হাজেরা বেগমের পুত্রবধূ খাদেজা বেগম বলেন, বেলা ১০টার দিকে তাঁর শাশুড়িকে নিয়ে তিনি ভোটকেন্দ্রের সামনে যান। এ সময় গুলি শুরু হয়। একটি গুলি লাগে হাজেরার মাথায়।
প্রিসাইডিং কর্মকর্তা সোলায়মান কবির বলেন, ‘সকাল ১০টার দিকে একটি গুলির শব্দ শুনতে পাই। এ সময় লোকজনকে দৌড়ে পালাতে দেখি। পরে শুনি একটি শিশু মারা গেছে। এ ঘটনায় প্রায় ১৫ মিনিট ভোট গ্রহণ বন্ধ থাকে।’
ভোটকেন্দ্রে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) তন্ময় বলেন, রানাসহ ২৫-৩০ জন যুবক ভোটকেন্দ্রে ঢুকে পোলিং কর্মকর্তার কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে তাঁরা এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে বের হয়ে যান। তাঁদের গুলিতে শিশু শুভ নিহত হয়। একপর্যায়ে ধাওয়া করলে তাঁরা পালিয়ে যান।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস হোসেন বলেন, শুভর লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
হযরতপুর ইউনিয়নের আওয়ামী লীগের সমর্থিত চেয়ারম্যান আনোয়ার হোসেন আয়নাল মুঠোফোনে বলেন, ‘ওই ভোটকেন্দ্রের ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না। আর রানা মোল্লা এ ঘটনায় জড়িত কি না, তাও আমি জানি না।’ তবে রানা মোল্লা তাঁর লোক বলে স্বীকার করেন আনোয়ার।
বিএনপির প্রার্থীর ভোট বর্জন: বেলা পৌনে একটার দিকে ইউনিয়নের ঢালিকান্দি গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল হক (রিপন)। এ সময় তিনি বলেন, ‘আমার এলাকায় ১১টি ভোটকেন্দ্র আওয়ামী লীগের সন্ত্রাসীরা দখল করে নিয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের বলেও লাভ হয়নি।’
ভোটকেন্দ্রের চিত্র: উপজেলার ১১টি ইউপিতে গতকাল ভোট হয়েছে। মোট ২২৭টি ভোটকেন্দ্রের মধ্যে অনেক কেন্দ্রই দখল করে আওয়ামী লীগের প্রার্থীদের সমর্থকেরা জাল ভোট দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বেলা পৌনে ১০টায় বাস্তা ইউনিয়নের রাজাবাড়ি স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী আসকর আলী বুথে অবস্থানরত কয়েকজন যুবককে বলছেন, ‘সবাই নৌকা প্রতীকের ব্যাজ লাগাইয়া কাজ কর। এখানে নৌকার লোকজন ছাড়া কেউই থাকতে পারব না।’
এ ভোটকেন্দ্রের পাঁচটি বুথে ব্যালট বাক্স ও গোপন কক্ষের সামনে নৌকা ব্যাজ পরা দু-তিনজন যুবককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে উপজেলা প্রশাসনের স্ট্রাইকিং ফোর্স আসামাত্রই সেখানে স্বাভাবিক অবস্থা ফিরে আসে।
ঢাকা জেলার বিচারিক হাকিম মো. রায়হানুল ইসলাম বলেন, এখানে একটু বিশৃঙ্খলা রয়েছে। তবে তাঁরা ভোটের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির চেষ্টা করেছেন।