কেরানীগঞ্জে মহাসড়ক অবরোধ প্রত্যাহার
কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছেন এলাকাবাসী। প্রায় তিন ঘণ্টা পর বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক থেকে সরে যান। কেরানীগঞ্জে সেনাবাহিনীর নামে জমি অধিগ্রহণের চেষ্টার প্রতিবাদে এই অবরোধ করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, আজ বুধবার সকাল আটটার দিকে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও পথসভা করেন এলাকাবাসী। তাঁরা বুড়িগঙ্গা চীন-মৈত্রী প্রথম সেতুর ইকুরিয়া বাসস্ট্যান্ড থেকে রাজেন্দ্রপুর এলাকা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়ক অবরোধ করেন। এতে রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলের মুন্সিগঞ্জ, ফরিদপুর, খুলনা ও বরিশাল রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। বেলা ১১টার দিকে অবরোধ প্রত্যাহার করে মহাসড়ক থেকে সরে যান আন্দোলনকারীরা।
আন্দোলনকারীদের দাবি, দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ও কোন্ডা এলাকায় সেনাবাহিনীর নামে তাঁদের পৈতৃক জমি অধিগ্রহণের চেষ্টা চলছে। এর প্রতিবাদে তাঁরা আন্দোলনে নেমেছেন।