কেরানীগঞ্জে মাদ্রাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু, আটক ৪
দক্ষিণ কেরানীগঞ্জের রাজিয়া সুলতানা (১৫) নামের এক মাদ্রাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রাজিয়া হাসনাবাদ জামিয়া কাশেমিয়া দারুল ওলুম মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল। গতকাল বুধবার সকালে পুলিশ মাদ্রাসার একটি কক্ষ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে। ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।আটক ব্যক্তিরা হলেন মাদ্রাসার তত্ত্বাবধায়ক আবুল কাশেম (৪৬), শিক্ষক আবদুর রহমান (২৬), আবুল কাশেমের ভাতিজা শাহিন (২৬) ও ভাগনে সাব্বিরকে (২৩) আটক করা হয়েছে। জানা গেছে, রাজিয়া ওই মাদ্রাসার আবাসিক ছাত্রী ছিল। মাদ্রাসার দ্বিতীয় তলার একটি কক্ষে আরও পাঁচজন সহপাঠীর সঙ্গে সে থাকত। অন্যান্য দিনের মতো গত মঙ্গলবার রাতের খাবার খেয়ে সে শুয়ে পড়ে। ভোরে নামাজ পড়তে উঠে তাঁর এক সহপাঠী রাজিয়াকে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মান্নান ফরাজি জানান, রাজিয়ার বাবা মো. আবদুর রহমান হত্যার প্ররোচনার অভিযোগ এনে অজ্ঞাত পরিচয় পাঁচ-ছয়জনকে আসামি করে একটি মামলা করেছেন। নিহত রাজিয়ার গলায় আঁচড়ের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।মাদ্রাসার তত্ত্বাবধায়ক আবুল কাশেমের স্ত্রী শামসুন নাহার দাবি করেন, নিহত রাজিয়া মানসিক ভারসম্যহীন ছিল। তবে একাধিক ছাত্রী জানায়, আবুল কাশেমের ভাগনে শাহিন প্রায়ই মাদ্রাসায় এসে রাজিয়াকে উত্ত্যক্ত করত। রাজিয়া বিষয়টি আবুল কাশেম ও তাঁর স্ত্রীকে একাধিকবার জানিয়েছে। কিন্তু তাঁরা কোনো ব্যবস্থা নেননি। গত মঙ্গলবার বিকেলেও শাহিন মাদ্রাসায় এসেছিল।