কেরানীগঞ্জে মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্রকে জবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জের আটিপাচদোনা প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র শরীফ তার বাবার কাছে বাঁচার জন্য আকুতি জানিয়ে বলেছিল, ‘আব্বু, আমারে লইয়া যাও, আমারে মাইরা ফালাইব।’ কিন্তু অপহরণকারীরা তাকে বাঁচতে দেয়নি। অপহরণের পর জবাই করে লাশ ধলেশ্বরী নদীতে ফেলে দেয়। অপহরণের প্রধান হোতা আরিফুল ইসলামকে (২৮) গতকাল সোমবার পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত পুলিশ ধলেশ্বরী নদীতে তল্লাশি চালিয়েও শরীফের লাশ উদ্ধার করতে পারেনি। তবে পরনের প্যান্টটি উদ্ধার করা হয়েছে। কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা তানবির আহমেদ জানান, গত বুধবার দুপুরে আটি করিম হাজি গ্রামের বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে শরীফকে অপহরণ করা হয়। অপহরণকারীরা সবজি ব্যবসায়ী সাইফুলের কাছে মুঠোফোনে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় গত ৭ এপ্রিল সাইফুল ইসলাম থানায় একটি সাধারণ ডায়েরি করলে পুলিশ তদন্তে নামে। মুঠোফোনের কললিস্ট ট্রাক করে অপহরণের প্রধান হোতা আরিফকে গ্রেপ্তার করা হয়। আরিফ পুলিশকে জানিয়েছেন, অপহরণের পরপরই শরীফকে জবাই করে হত্যা করে লাশ ধলেশ্বরী নদীতে ফেলে দেওয়া হয়। হত্যার আগে শরীফের কণ্ঠ মুঠোফোনে রেকর্ড করা হয়। সেই আকুতি তার বাবাকে ফোন করে শোনানো হতো। শরীফের বাবা সাইফুল ইসলাম জানান, আরিফ তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।