কেরানীগঞ্জে মুক্তিযুদ্ধের গল্প শুনল শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জ গণহত্যা দিবস উপলক্ষে গতকাল শনিবার প্রথম আলো বন্ধুসভা কেরানীগঞ্জ শাখা মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের স্মৃতিচারণা অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল বেলা ১১টায় কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ স্মৃতিচারণামূলক অনুষ্ঠান হয়।মুক্তিযোদ্ধা ও প্রত্যক্ষদর্শীদের মুখে সেদিনের লোমহর্ষক ঘটনার বর্ণনা শুনল এই বিদ্যালয় ও পারজোয়ার কালিন্দী উচ্চবিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী। স্মৃতিচারণা করেন তৎকালীন ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক সাংসদ মোস্তফা মহসিন, পারজোয়ার কালিন্দী উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা আবদুস সামাদ ও মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন। মোস্তফা মহসিন বলেন, শুধু ২ এপ্রিলেই কেরানীগঞ্জের পাঁচ হাজার লোক শহীদ হন। ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি বাহিনী ঢাকা শহরে আক্রমণ চালালে অনেকেই নিরাপদ ভেবে কেরানীগঞ্জে আশ্রয় নেয়। এ বিষয়টি হানাদার বাহিনী বুঝতে পেরে পরিকল্পিতভাবে ২ এপ্রিল ভোরে তাঁদের ওপর মর্টার-মেশিনগান নিয়ে ঝাঁপিয়ে পড়ে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘যাঁদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন বাংলাদেশের পতাকা পেয়েছি, সেই শহীদদের ঋণ শোধ করতে হলে তোমাদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে সোনার বাংলাদেশ গড়ায় অগ্রণী ভূমিকা রাখতে হবে।’মোক্তার হোসেন বলেন, ওই দিন ভোরে কেউ মসজিদে ফজরের নামাজ পড়ছিল, কেউ ঘুমিয়ে ছিল এমন অবস্থায় পাকিস্তানি বাহিনী হামলা করে। হামলায় তাঁর তিন চাচাতো ভাই এরফানুল হক, আফজালুল হক ও ফায়েকুল হক শহীদ হন। ভোর থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত হামলা চলে। কয়েক হাজার মানুষকে তারা নির্বিচারে গুলি করে হত্যা করে। সেদিন লাশ দাফনের কোনো লোক পাওয়া যায়নি।