কেরানীগঞ্জে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ
কাদের মোল্লার যাবজ্জীবন রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন কেরানীগঞ্জের আওয়ামী লীগের নেতা-কর্মী ও মুক্তিযোদ্ধারা। গতকাল বিকেলে আটিবাজার এলাকায় রায়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। তারানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আজিজ খান, সেলিম রেজা ও বরত চন্দ্র বাড়ই প্রমুখ। কাদের মোল্লার ফাঁসি দাবি করে আজিজ খান বলেন, ‘একাত্তরে কাদের মোল্লার নেতৃত্বে আমার বাবা ও মাকে নির্যাতন ও আমার ফুফাতো ভাই মোস্তফাকে গুলি করে হত্যা করা হয়। এত বছর পর যে রায় ঘোষণা করা হলো, তাতে আমরা সন্তুষ্ট নই।’কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের আহ্বায়ক শাহীন আহমেদ বলেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কাদের মোল্লার ফাঁসির রায়ের অপেক্ষায় ছিল কেরানীগঞ্জবাসী। কেরানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহজাহান বলেন, স্বাধীনতার সময় যারা এত বড় হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদের যাবজ্জীবন হলে তা মেনে নেওয়া যায় না।