দক্ষিণ কেরানীগঞ্জে গতকাল রোববার দুপুরে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক যুবককে (১৯) হত্যা করেছে। নিহত যুবকের পরিচয় জানা যায়নি। একই দিন সকালে দক্ষিণপাড় গেন্ডারিয়া সড়কে চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় তিন বছরের এক শিশু নিহত হয়েছে।পুলিশ জানায়, গতকাল বেলা দুইটার দিকে স্থানীয় লোকজন বেগুনবাড়ি খালপাড় এলাকায় রক্তাক্ত অবস্থায় যুবকটিকে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তাঁকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, নিহত যুবকের পরিচয় জানা যায়নি। তাঁর পরনে কালো রঙের টি-শার্ট ও জিনসের প্যান্ট ছিল। তাঁর পেটে ধারালো অস্ত্রের তিনটি আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে যুবকটিকে কুপিয়ে খালপাড় এলাকায় ফেলে যায়।এদিকে গতকাল সকাল ১০টার দিকে দক্ষিণপাড় গেন্ডারিয়া সড়কে অজ্ঞাত মোটরসাইকেলের ধাক্কায় স্থানীয় বাসিন্দা খোকন মিয়ার তিন বছরের শিশু চান মিয়া ঘটনাস্থলে মারা গেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠায়। উভয় ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা হয়েছে।