কেরানীগঞ্জে ময়লা ডাস্টবিনের দুর্গন্ধে এলাকার মানুষ অতিষ্ঠ
‘বুড়িগঙ্গায় ময়লা ফেলা নিষেধ। এখন থেইকা ময়লা আবর্জনা ফালাইতে হইবো ডাস্টবিনে। ময়লা ফালাইলাম তিন-চার মাস আগে। কিন্তু এগুলো কেউ সরায় নাই। দুর্গন্ধে বাড়িতে থাকতে পারতেছি না।’ কথাগুলো বলেন কেরানীগঞ্জের বাসিন্দা মো. ভুট্টু মিয়া। জানা গেছে, কেরানীগঞ্জে চলতি বছরের জুন মাসের শেষের দিকে বিআইডব্লিউটিএ নদীতে ময়লা-আবর্জনা ও বর্জ্য যাতে এলাকাবাসী না ফেলতে পারে তার বিকল্প পথ হিসেবে জিনজিরা বাজারসংলগ্ন গুদারাঘাট এলাকার নদীর তীরে বেড়িবাঁধসংলগ্ন বড় ডাস্টবিন নির্মাণ করে। জিনজিরা বাজার এলাকার পপুলার চালের দোকানের মালিক মো. সাইদুল মিয়া জানান, ডাস্টবিনে তিন-চার মাস ধরে ময়লা-আবর্জনা পড়ে রয়েছে। সেগুলো সরানোর জন্য কেউ আসেনি। ময়লা-আবর্জনার দুর্গন্ধে দোকানে থাকা কষ্টকর হয়ে পড়েছে। অপর ব্যবসায়ী মেসার্স জামান চালের আড়তের মালিক মো. আ. রশিদ জানান, ‘নদীতে যাতে ময়লা-আবর্জনা ফেলা না হয়, তার জন্য সরকার ডাস্টবিন বানাইছে। এইখানে ময়লা আবর্জনা ভইরা যাওয়ায় দুর্গন্ধে দোকানে থাকতে পারছি না। এসব ময়লা সরাইবার জন্য এই পর্যন্ত কেউ আহে না।’ একই এলাকার গৃহবধূ সুলতানা বেগম জানান, ডাস্টবিনে ময়লা-আবর্জনা সয়লাব হয়ে গেছে। এগুলো দ্রুত সরানো প্রয়োজন। ডাস্টবিনে ময়লা বেড়ে যাওয়ায় অনেকে রাতের আঁধারে নদীতে ময়লা ফেলছে। ঢাকা নদীবন্দরের উপপরিচালক মো. শহিদ উল্লাহ বলেন, নদীতে যেসব ময়লা ফেলার ডাস্টবিন ও ডাম্পিং রয়েছে, সেগুলোর ময়লা ফেলার দায়িত্ব স্থানীয় সিটি করপোরেশন অথবা ইউনিয়ন পরিষদের ওপর ন্যস্ত রয়েছে। এই ব্যাপারে তাদের ময়লা সরানোর জন্য নির্দেশও দেওয়া হয়েছে। ডাস্টবিনের ময়লা তারাই অপসারণ করবে। জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওয়ারিস উদ্দিন জানান, ‘ময়লা-আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন নির্মাণের বিষয়টি আমি জানি না। সেখান থেকে ময়লা অপসারণের নির্দেশ আমি পাইনি। তবে আমার ইউনিয়নের বেশ কিছু বসতবাড়ির ময়লা-আবর্জনা অপসারণের জন্য কয়েকটি ভ্যানগাড়ির ব্যবস্থা করেছি।’