কেরানীগঞ্জে যুবক ও সিরাজগঞ্জে পোশাক শ্রমিকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গত বৃহস্পতিবার রাতে পারভেজ (২৫) নামের এক যুবককে জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। একই রাতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় আমিনুল ইসলাম (৪০) নামের এক পোশাক শ্রমিককে জবাই করেছে দুর্বৃত্তরা। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর:কেরানীগঞ্জ: স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত আটটার দিকে একদল সন্ত্রাসী পারভেজকে দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ বাজার থেকে অপহরণ করে নিয়ে যায়। গতকাল শুক্রবার স্থানীয়রা শুভাঢ্যার খালে তাঁর লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডের কারণ এখনো স্পষ্ট নয়। সিরাজগঞ্জ: শাহজাদপুরের বড়বাশুরিয়া গ্রামের আবদুল মোল্লার ছেলে আমিনুল ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। বৃহস্পতিবার রাতে উপজেলার পোরজনা বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে জবাই করে পাশের একটি মাঠে ফেলে রাখে। গতকাল শুক্রবার এলাকাবাসী আমিনুলের লাশ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, নিহতের স্ত্রী টুলটুলি বেগম স্থানীয় কিছু লোকের বিরুদ্ধে একাধিক মামলা করেছেন। ওই মামলার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।