কেরানীগঞ্জে যুবককে জবাই করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জে দক্ষিণ মুসলিমবাগ জামে মসজিদের পাশে একটি পুকুরপাড়ে আমিনুল ইসলাম সেন্টু ওরফে জ্যাকব (২৬) নামের এক যুবককে জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল শনিবার দুপুরে কালিন্দি ইউনিয়নের ভাংনা মুসলিমবাগ জামে মসজিদের পাশে দুর্ধর্ষ এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে সন্ত্রাসীদের রেখে যাওয়া একটি রক্তমাখা রামদা, দুটি ছুরি, একটি চাপাতিসহ নিহত আমিনুলের সঙ্গে থাকা (ঢাকা মেট্রো ল-১৭-১০৪৩) একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। নিহত আমিনুল ইসলামের মা হোসনে আরা জানান, গতকাল সকালবেলায় আমিনুল বাসায় ঘুমিয়ে ছিল। এ সময় শুভাঢ্যা পশ্চিমপাড়া এলাকার সুমন ও স্বপন নামের দুই যুবক বাসায় এসে আমিনুলের ঘুম ভাঙায়। আমিনুল ঘুম থেকে উঠে নাশতা খেয়ে ওই দুই যুবককে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাসা থেকে বের হয়। এরপর আর বাসায় ফেরেনি আমিনুল।কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ জানায়, সন্ত্রাসীরা আমিনুল ইসলামকে কালিন্দি ইউনিয়নের ভাংনা মুসলিমবাগ জামে মসজিদের পাশে একটি পুকুরপাড়ে নিয়ে জবাই করে হত্যার পর ওই পুকুরে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আমিনুলের সঙ্গে স্থানীয় কয়েকজন ব্যক্তির জমিজমাসংক্রান্ত বিরোধ ছিল বলে জানা গেছে। তবে হত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। আমিনুলের মা হোসনে আরা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। আশা করা হচ্ছে, দু-তিন দিনের মধ্যেই অপরাধীরা গ্রেপ্তার হবে। আমিনুলের মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।