কেরানীগঞ্জে যুবকের লাশ উদ্ধার, মামলা
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার পশ্চিম বামনশুর এলাকার একটি পুকুর থেকে গতকাল শনিবার বাদশা মিয়া (২০) নামের এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার ছয় দিন পর তাঁর লাশ উদ্ধার হলো। এ ঘটনায় মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১২ জানুয়ারি দুপুরে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন বাদশা মিয়া। গতকাল সকালে পরিবারের লোকজন পশ্চিম বামনশুর জামে মসজিদের পুকুরে তাঁর লাশ দেখতে পান।
বাদশার বাবা নেকলেস মিয়া জানান, বামনশুর এলাকার এক মেয়ের সঙ্গে বাদশার প্রেম ছিল। মাস খানেক আগে দুজনে পালিয়ে যান। এ ঘটনায় মেয়েপক্ষ কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করে। এরপর কেরানীগঞ্জ থেকেই পুলিশ দুজনকে আটক করে। পরে মেয়েটিকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু ওই মেয়ে মাঝেমধ্যে বাদশাকে মুঠোফোনে কল দিতেন। এ নিয়ে মেয়েটির ভাইয়ের সঙ্গে বাদশার বাগিবতণ্ডাও হয়। এর পর থেকে বাদশাকে তিনি নানাভাবে হুমকি দেন। নেকলেস মিয়ার ধারণা, মেয়েটির ওই ভাই লোকজন দিয়ে বাদশাকে হত্যা করে লাশ পানিতে ফেলে দিয়েছেন। এ ঘটনায় নিহত যুবকের বাবা বাদী হয়ে মামলা করেছেন।