কেরানীগঞ্জে যুবলীগ কর্মীর মৃত্যুরহস্যের জট খোলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জের যুবলীগ কর্মী মাসুদ রানার মৃত্যুরহস্যের জট খোলেনি। তবে তাঁকে হত্যার অভিযোগে আটক পান্নু মিয়া, কাইয়ুম ও আলী হোসেনকে তিন দিনের রিমান্ড শেষে গতকাল বুধবার ঢাকার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এদিকে নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ, ঘটনার এক সপ্তাহ অতিবাহিত হলেও পুলিশ এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পারেনি। এ ছাড়া হত্যা মামলার এজাহারভুক্ত অপর আসামি আক্কাছ এলাকায় ঘুরে বেড়ালেও পুলিশ তাঁকে গ্রেপ্তার করছে না।
নিহত মাসুদ রানার বাবা আবদুল কুদ্দুছ প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলে একটি হাউজিং কোম্পানিতে চাকরি করত। তাকে প্রতি মাসে ৪০ হাজার টাকা বেতন দেওয়ার কথা ছিল। চাকরির সাত মাস অতিবাহিত হলেও মাসুদকে কোনো বেতন দেওয়া হয়নি। বেতনের টাকা নিয়ে হাউজিং কোম্পানির লোকজনের সঙ্গে কিছুদিন থেকে তার দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে পান্নু, কাইয়ুম, আলী হোসেন ও আক্কাছ পরিকল্পিতভাবে তাকে হত্যা করে কালীগঙ্গা নদীতে লাশ ভাসিয়ে দেয়।’ তিনি অভিযোগ করেন, এ মামলার এজাহারভুক্ত আসামি স্থানীয় চায়ের দোকানদার আক্কাছ এলাকায় অবস্থান করলেও পুলিশ তাকে ধরছে না। তিনি ছেলের হত্যাকারীদের বিচার দাবি করেন।
মাসুদ রানার স্ত্রী আসমা আক্তার বলেন, ‘আমার স্বামী কোনো অপরাধ করেনি। সন্ত্রাসীরা তাঁকে বাসা থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমার মেয়ে মাহিমা (৮) ও ছেলে আরিয়ান (৩) শুধু তাদের বাবাকে খুঁজে বেড়ায়। এখন আমি তাদের কী জবাব দেব।’
মামলার তদন্তকারী কর্মকর্তা ও কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক মনির হোসেন বলেন, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক তিনজনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের দেওয়া তথ্যমতে খোঁজখবর নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ খাড়াকান্দির কালীগঙ্গা নদীর ছানার ঘাট
এলাকা থেকে ভাসমান অবস্থায় যুবলীগ কর্মী মাসুদ রানার মরদেহ উদ্ধার করে। লাশের দুই চোখে আঘাতের চিহ্ন ছিল। এরপর মাসুদের স্ত্রী আসমা আক্তার বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা করেন।