কেরানীগঞ্জে যুবলীগের নেতা-কর্মীদের তাণ্ডব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ঝাউবাড়ীতে গত বুধবার রাতে যুবলীগের নেতা-কর্মীরা দুটি হোটেল ও দুটি মুদি দোকান ভাঙচুর করেন। পিটিয়ে আহত করেন ব্যবসায়ী, পথচারীসহ তিনজনকে। হামলাকারীরা চারটি দোকানের ক্যাশবাক্স থেকে লক্ষাধিক টাকা লুট করেন বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত দোকানিরা।আলী স্টোরের মালিক মোহাম্মদ আলীসহ অন্যরা দোকানিরা জানান, বুধবার রাত সাড়ে আটটার দিকে শুভাঢ্যা ইউনিয়ন যুবলীগের সদস্য ফালান মিয়ার নেতৃত্বে ১৪-১৫ জন কর্মী লাঠিসোঁটা নিয়ে ঝাউবাড়ী মাদ্রাসার সামনের মার্কেটের নূর মদিনা বিরিয়ানি হাউস, আলী স্টোর, নূর ইসলাম হোটেল ও নিজামের মুদি দোকানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালান। একপর্যায়ে দোকানি ও পথচারীদের এলোপাতাড়ি পেটাতে থাকেন। এ সময় আশপাশের দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। কয়েকজন যুবক ইট দিয়ে মুদি দোকানি নিজামের অণ্ডকোষ থেঁতলে দেন। যুবলীগের কর্মীরা দোকানগুলো থেকে লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যান।হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ঝাউবাড়ী এলাকায় প্রায় অর্ধশত দোকানপাট বন্ধ রেখে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান ব্যবসায়ীরা।এ বিষয়ে বক্তব্য জানতে যুবলীগের নেতা ফালান মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম দাবি করেন, ফালান যুবলীগের কেউ নন। তিনি শুধু মিছিলের সময় অংশ নেন। সেলিম বলেন, ‘মাস খানেক আগে ওই এলাকার কিছু লোক ফালানের এক সহযোগীকে পিটিয়ে আহত করেছিলেন। হয়তো তাঁরা ওই ঘটনার প্রতিশোধ নিতে গিয়ে এ ঘটনা ঘটিয়েছেন। এটা কোনো রাজনৈতিক ঘটনা নয়।’