কেরানীগঞ্জে রাজউকের বিরুদ্ধে মানববন্ধন প্রতিবাদ সভা
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের জমি অধিগ্রহণ বন্ধের দাবিতে গতকাল শুক্রবার দক্ষিণ কেরানীগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। এতে এলাকার কয়েক হাজার বাসিন্দা অংশ নেয়।ঢাকা-মাওয়া মহাসড়কের দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকায় গতকাল সকাল নয়টায় প্রায় দুই কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করা হয়। পশ্চিমদী নোয়াদ্দা ভূমি মালিক কল্যাণ সমিতি ও চুনকুটিয়া সমাজকল্যাণ সমিতি যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে চুনকুটিয়া, তেঘরিয়া, ইকুরিয়া, পশ্চিমদী, নোয়াদ্দা খালপাড়, পাইনা, নাজিরপুর ও মুসলিমপাড়া গ্রামের কয়েক হাজার বাসিন্দা অংশ নেয়। মানববন্ধনে কেরানীগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান রওশন ইয়াজদানিও উপস্থিত ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, মানববন্ধন শেষে কিছু লোক উত্তেজিত হয়ে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে। অবরোধকালে অর্ধশতাধিক গাড়িতে ভাঙচুর করা হয়। এ সময় ঢাকা-মাওয়া মহাসড়কে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ হয়ে পড়ে। মানববন্ধন শেষে চুনকুটিয়া সমাজকল্যাণ সমিতির কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি আ. রাজ্জাকের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবুল মিয়া, সমিতির সাধারণ সম্পাদক এস এম লোকমান হোসেন, প্রধান উপদেষ্টা মো. মাসুদ, সহসভাপতি তোফাজ্জল হোসেন প্রমুখ। বক্তারা ঝিলমিল দ্বিতীয় প্রকল্পের জন্য রাজউকের জমি অধিগ্রহণ বন্ধের দাবি জানান। তাঁরা অভিযোগ করে বলেন, রাজউক জমির ব্যবসা শুরু করেছে। সভায় কেরানীগঞ্জের ইউএনও বাবুল মিয়া এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, ‘জেলা প্রশাসনে জমি অধিগ্রহণের ব্যাপারে এখনো কোনো প্রস্তাবনা বা সিদ্ধান্ত হয়নি। আমি আপনাদের নিশ্চিত করছি, এখানকার জমি অধিগ্রহণ করা হবে না।’