কেরানীগঞ্জে রাজউকের বিরুদ্ধে মৌন মিছিল, প্রতিবাদ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কেরানীগঞ্জের দ্বিতীয় ঝিলমিল প্রকল্পের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভূমি অধিগ্রহণ বন্ধের দাবিতে গতকাল শুক্রবার মৌন মিছিল করেছেন কয়েক হাজার জমি-মালিক। পরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১১টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের তেঘরিয়া এলাকা থেকে মৌন মিছিল বের করা হয়। মিছিলটি রাজেন্দ্রপুর এলাকা পর্যন্ত প্রদক্ষিণ করে। চুনকুটিয়া সমাজকল্যাণ সমিতির উদ্যোগে এই মৌন মিছিলে তেঘরিয়া, নোয়াদ্দা, পূর্বদী, চুনকুটিয়া, খেজুরবাগ এলাকার কয়েক হাজার জমি-মালিক অংশ নেন। পরে চুনকুটিয়া সমাজকল্যাণ সমিতির কার্যালয়ে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় সমিতির সহসাধারণ সম্পাদক এম এ লতিফ বলেন, কষ্টার্জিত টাকায় কেনা জমি কেউ দখল করবে, এটা হতে পারে না। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে জমি রক্ষায় যা যা করণীয়, সবই করা হবে। সমিতির সাধারণ সম্পাদক এস এম লোকমান হোসেন বলেন, ‘রাজউক ঝিলমিল দ্বিতীয় প্রকল্পের নামে আমাদের জমি জবরদখল করতে চাইছে। জমি অধিগ্রহণ যেকোনো মূল্যে আমরা প্রতিহত করব।’ প্রয়োজনবোধে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করা হুমকি দেন তিনি।সহসভাপতি গোলাম মাওলা বলেন, ‘আমরা জমি-মালিকেরা প্রায় সাড়ে তিন বছর ধরে আমাদের জমি রক্ষার জন্য আন্দোলন করে আসছি। বসুন্ধরা আমাদের জমিতে বালু ফেলে দখল করে নিচ্ছিল। কিন্তু আমরা আন্দোলন করে আমাদের জমি রক্ষা করেছি। এখন রাজউক আমাদের জমি গ্রাস করতে চাইছে। আমরা কোনো অবস্থাতেই আমাদের জমি কাউকে দখল করতে দেব না।’সমিতির সভাপতি হাজি আবদুর রাজ্জাকের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন সহসভাপতি মো. শাহজাহান, উপদেষ্টা মো. মাসুদ প্রমুখ।