কেরানীগঞ্জে রাসায়নিক কারখানা সরানোর দাবিতে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি রাসায়নিক কারখানা অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে গতকাল শনিবার বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষুব্ধ লোকজন এ সময় টায়ার জ্বালিয়ে রাস্তায় যান চলাচল বন্ধ এবং ওই কারখানার একটি গাড়ি ভাঙচুর করেন। স্থানীয় বাসিন্দারা জানান, গ্লোবাল হেভি কেমিক্যাল নামের ওই কারখানা থেকে নিঃসৃত গ্যাসের প্রভাবে এলাকার লোকজন অসুস্থ হয়ে পড়ছেন। স্থানীয় বাসিন্দা মো. হান্নান মিয়ার (৫০) ছেলে নয়ন (৬) ও স্ত্রী জাহানারা বেগম (৪০) গতকাল সকালে অসুস্থ হয়ে পড়লে তিনি ঘটনাটি এলাকাবাসীকে জানান। পরে তাঁরা ওই কারখানার সামনের সড়ক অবরোধ করে ঘটনার প্রতিবাদ ও কারখানাটি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানান। এ সময় উত্তেজিত লোকজন টায়ার জ্বালিয়ে সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। স্থানীয় বাসিন্দা ওসমান গনি দাবি করেন, সকালে রাসায়নিক কারখানা থেকে নির্গত গ্যাসের প্রভাবে চার-পাঁচজন অসুস্থ হয়ে পড়েন। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে রাসায়নিক কারখানাটি সরিয়ে নেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন। তবে গ্লোবাল হেভি কেমিক্যাল কারখানার কর্মকর্তা বি এম কামালের দাবি, গতকাল কারখানা থেকে কোনো গ্যাস নিঃসরণ হয়নি। তিনি অভিযোগ করেন, কারখানার পাশের বাড়ির মালিক হান্নান মিয়া গুজব ছড়িয়ে এলাকাবাসীকে উত্তেজিত করে এ ঘটনা ঘটিয়েছেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, স্থানীয় বাসিন্দা হান্নান ওই কারখানা থেকে গ্যাস নিঃসরণের অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আর গাড়ি ভাঙচুর ও চালককে মারধরের ঘটনায় কারখানা কর্তৃপক্ষ মৌখিক অভিযোগ করেছে। বিষয়টির তদন্ত চলছে।